১১৪ রানেই গুটিয়ে বাংলাদেশ, বড় জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ১১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বড় পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাত্র ১১৪ রানে অলআউট হয়ে ডিএলএস পদ্ধতিতে ১২৯ রানে হেরেছে তারা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে শুরু থেকেই চড়াও ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। মাত্র ৩১ বলে ফিফটি তুলে নেন সাদাকাত। পরে ৪৬ বলে ৭৫ রান করে আউট হন তিনি। দুই ওপেনারের জুটিতে আসে ১০৩ রান।

 

এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে সেই চাপ সামাল দেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ উইকেটে তাদের জুটিতে আসে ১০৯ রান। সালমান ৬৪ ও রিজওয়ান ৪৪ রান করেন। শেষ দিকে দ্রুত উইকেট হারালেও নির্ধারিত ওভারে পাকিস্তান তোলে ২৭৪ রান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন রিশাদ হোসেন।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ২৭ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। এ সময় বজ্রপাত ও বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে ম্যাচ কমিয়ে ৩২ ওভারে আনা হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান।

 

খেলা শুরু হলে লিটন দাস ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের জুটিতে আসে ৫০ রান। তবে ৪১ রান করে আউট হন লিটন। এরপর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। হৃদয় করেন ২৮ রান।

 

শেষ পর্যন্ত ১১৪ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। ফলে সিরিজে ১-১ সমতা ফেরায় পাকিস্তান। এখন রোববারের তৃতীয় ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ১১৪ রানেই গুটিয়ে বাংলাদেশ, বড় জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

 

দেশজুড়ে/সবুজ