ভুয়া ডাক্তার কেলেঙ্কারি: শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ১১:২০ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালকে ঘিরে ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সরেজমিনে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেন।

 

অভিযোগকারীরা জানান, চিকিৎসার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে আরও কয়েকজন ভুক্তভোগী হাসপাতালে এসে একই ধরনের অভিযোগ তুলে ধরেন।

 

পরিস্থিতি পর্যালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। পরে তিনি প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেন। নির্দেশনার পরপরই হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।

 

এ সময় তিনি ঘটনাটি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গেও কথা বলেন এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় কী ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে, তা শোনেন।

 

এর আগে, একই দিন সকালে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে উঠে আসে, ওই প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি অস্ত্রোপচার করতেন, তাদের অনেকেই প্রকৃত চিকিৎসক নন। কেউ ছিলেন দালাল, আবার কেউ চিকিৎসকের চেম্বারের কর্মচারী। অভিযোগ রয়েছে, তারাই নিয়মিত অপারেশন পরিচালনা করছিলেন এবং হাসপাতালের মালিকানার সঙ্গেও জড়িত ছিলেন।

 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্যখাতে তদারকি ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দেশজুড়ে/সবুজ