দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীতে টাকা, স্বর্ণালংকার বা মূল্যবান মালামাল পরিবহণের সময় ছিনতাই ও ডাকাতির ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। বিশেষ করে উৎসবের সময় এ ধরনের ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে নিরাপদে অর্থ বা মূল্যবান দ্রব্য পরিবহণে নগরবাসীকে পুলিশের মানি এসকর্ট সেবা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত
বছরের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে
প্রায় ১৬০ ভরি সোনা এবং এক লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। তিনটি মোটরসাইকেলে এসে
সাতজনের একটি দল এ হামলা চালায়। আবার একই বছরের ১৯ অক্টোবর রামপুরা এলাকায় বিমানবন্দর
থেকে স্বর্ণালংকার নিয়ে বাসায় ফেরার পথে এক ব্যবসায়ীকে অপহরণ করে অস্ত্রের মুখে প্রায়
২০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
পুলিশ
বলছে, বড় অঙ্কের টাকা বা স্বর্ণালংকার পরিবহণের সময় অনেকেই ঝুঁকির মুখে পড়ছেন। তবে
এসব ঝুঁকি এড়াতে বিনা খরচে পুলিশের মানি এসকর্ট সেবা রয়েছে, যা ব্যবহার করতে মানুষের
আগ্রহ এখনো খুব কম।
।ডিএমপির
অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন মো. নজরুল ইসলাম জানান, শুধু নগদ অর্থ
নয়, স্বর্ণালংকারসহ যেকোনো মূল্যবান সামগ্রী নিরাপদে বহনের জন্যও পুলিশ বিনামূল্যে
এসকর্ট সুবিধা দিয়ে থাকে। কেউ বিয়ের জন্য গহনা কিনে বাসায় নিতে চাইলে কিংবা বড় অঙ্কের
টাকা পরিবহণ করতে চাইলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করলে এই সেবা পাওয়া সম্ভব।
তিনি
জানান, অনেক সময় মানুষ একা বড় অঙ্কের টাকা নিয়ে চলাচল করেন, ফলে ছিনতাইকারীদের লক্ষ্যবস্তুতে
পরিণত হন। অথচ পুলিশের এসকর্ট সেবা নিলে এমন ঝুঁকি অনেকটাই কমে যেত।
ব্যাংক
কর্মকর্তারা জানান, বেশিরভাগ ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে মানি এসকর্ট সেবার জন্য
পুলিশের ফোন নম্বর দেওয়া থাকে। তবে গ্রাহকদের অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না এবং পাঁচ
থেকে ১০ লাখ টাকা পর্যন্ত একাই বহন করেন।
ডিএমপি
সূত্র জানায়, যারা এ সেবা নিতে চান, তাদের ডিএমপি কমিশনার বরাবর আবেদন করতে হয়। আবেদনপত্রে
কোথা থেকে কোথায় অর্থ বা মূল্যবান দ্রব্য নেওয়া হবে তা উল্লেখ করতে হয়। সাধারণত দুই
দিন আগে আবেদন করলে সেবা পাওয়া যায়, তবে জরুরি ক্ষেত্রে এক দিনের মধ্যেও ব্যবস্থা করা
সম্ভব।
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহণ বাড়বে বিবেচনায় রেখে ডিএমপি বিশেষভাবে এ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রয়োজনে পুলিশ কন্ট্রোলরুম বা জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশজুড়ে/সবুজ