৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬ , ০৮:৩০ পিএম

অনলাইন সংস্করণ

 দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনি কর্তা এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। ভোটের ফলাফলের ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর সিইসি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এদিকে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। দলীয় ভোটের চেয়ে ১১ ভোট বেশি রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের হিসাবের চেয়েও বেশি ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২০৮ জন তাঁকে ভোট দিয়েছেন। দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে ভোট দিয়েছেন ৩৬ জন। সব মিলিয়ে দলীয় ভোটের সংখ্যা দাঁড়ায় ২৪৪টি। এর বাইরে আরও ১১টি ভোট পাওয়ায় মির্জা ফখরুলের মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫। ফলে দলীয় ভোটের বাইরে অন্য সংসদ সদস্যদের সমর্থনও তিনি পেয়েছেন বলে নির্বাচনের ফলাফলে দেখা গেছে।

 

দেশজুড়ে/ডেস্ক