দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬ , ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ
প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ,
আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি মার্শাল আর্টকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। চতুর্থ ও পঞ্চম শ্রেণির
বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট শেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার
(৩১ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির
বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
ববি হাজ্জাজ এ তথ্য জানান।
তিনি
বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা
গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত থেকে
দূরে থেকে সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হয়।
প্রতিমন্ত্রী
আরও বলেন, দেশের তরুণ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক
হিসেবে গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার প্রয়োজন। এ লক্ষ্যে দেশের
প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। সরকার এ ধরনের উদ্যোগ
বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন।
নিজের
অভিজ্ঞতার কথা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ১৯৯১ সালে তিনি কিয়োকুশিন কারাতে অনুশীলন শুরু করেন। সেই সময়ের প্রশিক্ষণ, সহপাঠীদের সঙ্গে কাটানো দিন এবং বিভিন্ন কারাতে প্রদর্শনীতে অংশ নেওয়ার স্মৃতি এখনও তার কাছে অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে নতুন প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে নিজের প্রশিক্ষণ জীবনের নানা স্মৃতি আবারও মনে পড়ে যায় বলেও তিনি জানান।
অনুষ্ঠানের
সমাপনী পর্বে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট
তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
ববি হাজ্জাজ। এ সময় তিনি
তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি মার্শাল আর্টে নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলা বজায়
রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
দেশজুড়ে/ডেস্ক