পিলখানা হত্যাকাণ্ডে নতুন কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ব্যক্তিদের নিয়ে যে জাতীয় তদন্ত কমিশন গঠন করেছিল, সেটিই যথেষ্ট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সেনা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনাসদস্যরা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।


পিলখানা হত্যাকাণ্ডকে বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন প্রকাশ হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সেই সরকারের আমলে সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কমিশনের প্রতিবেদনে থাকা সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একই সঙ্গে তিনি শহীদ পরিবারদের উদ্দেশে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।