নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু সোমবার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ , ১০:২৭ এএম

অনলাইন সংস্করণ

 নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন নির্ধারণের পর প্রায় তিন মাসের বকেয়া বেতন বা এরিয়ার একসঙ্গে পরিশোধ করা হবে। তবে প্রত্যেক চাকরিজীবীর বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান ও নতুন মূল বেতন এবং বেতন কার্যকরের তারিখের ভিত্তিতে বকেয়া নির্ধারণ করা হবে।

সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হবে আইবাস এর পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য যাচাই ও প্রদান করতে হবে। বেতন নির্ধারণের সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের তথ্য দিতে হবে।

 পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সংশ্লিষ্ট অফিস আদেশ ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। সংশ্লিষ্টদের নাম, এনআইডি নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। এ প্রক্রিয়ায় আইবাস-এ নিবন্ধিত মোবাইল নম্বরও প্রয়োজন হবে।

 দেশজুড়ে ডেস্ক