দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬ , ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
জেনেভা,
৮ জুন: দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত
হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের
মাধ্যমে কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।
সোমবার
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) ফাঁকে
বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল
হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে
এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে
মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থা, শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা এবং ভবিষ্যৎ
সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বাংলাদেশের
মন্ত্রী মরিশাস সরকারকে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু পোশাকশিল্পের শ্রমিক নয়, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, হিসাবরক্ষকসহ
বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর সক্ষমতা অর্জন করেছে।
তিনি
আরও জানান, মরিশাসের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখতে
পারে। বৈঠক শেষে মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।
বাংলাদেশের
প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে মরিশাসের শ্রমমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন খাতে
বিশেষ করে টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগে
তাদের আগ্রহ রয়েছে।
তিনি
জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া অল্প সময়ের মধ্যেই
বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। পাশাপাশি মরিশাসের পক্ষ থেকে বাংলাদেশের টেক্সটাইল
খাতে বিনিয়োগের আগ্রহও প্রকাশ করা হয়।
বৈঠকে
বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুইজারল্যান্ডে
বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় বাংলাদেশ মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে/সবুজ