দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।
আমিরাতের আজমানে এক বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় সিলেটের বড়লেখা উপজেলার সালেহ আহমেদ ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ হারান। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বাহরাইনেও একজন বাংলাদেশি নিহত এবং তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে মানামাস্থ বাংলাদেশ মিশন। আহতদের চিকিৎসা ও সার্বিক সহায়তায় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ ছাড়া কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে দূতাবাস। পরিস্থিতির ওপর নজর রেখে ক্যাপ্টেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
দেশজুড়ে/সবুজ