কাপাসিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু, ডিজিটাল সেবায় জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬ , ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক-এর উদ্যোগে আয়োজিত মেলা আগামী তিনদিন চলবে। সরকারের ভূমি সেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা সহজ করতে আয়োজন করা হয়েছে।

 

মেলায় সাধারণ মানুষকে অনলাইনে নামজারি, খাজনা পরিশোধ, জমির তথ্য যাচাইসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং সেবা গ্রহণে হয়রানি কমাতে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

 

উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না ইসলাম বলেন, দেশে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সরকারি আইন বিধিমালা মেনে চললে ধীরে ধীরে এসব জটিলতা কমে আসবে। তিনি জমির মালিকদের শরিকদের সঙ্গে যথাযথ বণ্টননামা দলিল সম্পন্ন করার পরামর্শ দেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক বলেন, জনগণ যাতে ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে নামজারি খাজনা পরিশোধ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমি অফিস কাজ করে যাচ্ছে। কোনো সেবা প্রত্যাশী যেন প্রতারণা বা হয়রানির শিকার না হন, সেজন্য ভূমি অফিসে সরাসরি অভিযোগ পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীনুর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুউদ্দিন খান, বিএনপি নেতা আজগর হোসেন খান, সেলিম হোসেন আরজু এবং টোক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো: বাবুল মিয়া।

 

সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ভূমি সেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


দেশজুড়ে/সবুজ