কাপাসিয়ায় মধ্যরাতে যৌথবাহিনীর অভিযান: কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, অস্ত্র ও মোটরসাইকেল জব্দ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আমরাইদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, ‘র কফি গ্যাং (১৮০ ডিগ্রী)’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় পেশিশক্তির প্রদর্শন করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে মো. আকিব শিকদার ও সিয়াম হাসান রনি নামের দুইজনকে আটক করা হয়।


এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, চারটি লাঠি ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে বলে জানানো হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাপাসিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। যৌথবাহিনীর এ অভিযানের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে তারা মনে করছেন।


এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


দেশজুড়ে/সবুজ