দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬ , ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
গণমানুষের
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি
এ কথা বলেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের কর্মসূচি।
প্রধানমন্ত্রী
বলেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক
রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে। তবে জনগণের মনে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত
না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি
আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক
গড়ে উঠলে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হয়।
দীর্ঘ সময় পর অবাধ, সুষ্ঠু
ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত
একটি সমাজ প্রত্যাশা করে।
বাণীতে
তিনি বলেন, এমন একটি নিরাপদ ও মানবিক পরিবেশ
বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন সংকট ও প্রয়োজনের সময়ে
পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে
দায়িত্ব পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, উপযুক্ত পরিবেশ পেলে পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারে।
প্রধানমন্ত্রী
আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অবদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির
ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি
বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন ঘনিষ্ঠভাবে জড়িত। এজন্য পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করছে।
মব
সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার
রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা
ধরে রাখতে একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ
বাহিনী অপরিহার্য।
পুলিশ
সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের
শুভেচ্ছা ও অভিনন্দন জানান
এবং বাহিনীর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা
করেন।
দেশজুড়ে/সবুজ