জাতিসংঘে পদে আবেদন ঘিরে পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রদূতের

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩২ পিএম

অনলাইন সংস্করণ

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তুলেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ অভিযোগ করেন।

 

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী দাবি করেন, দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে তিনি বাধার মুখে পড়েছেন। মেক্সিকোয় নিয়োগ, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং জাতীয় নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়সহ একাধিক ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে অসহযোগিতা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের এক বিদেশি সহকর্মীর পরামর্শে তিনি ওই পদে আবেদন করার সিদ্ধান্ত নেন। বিষয়টি তিনি তৎকালীন সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। প্রাথমিকভাবে আবেদন করতে সম্মতি মিললেও পরে ‘অগ্রসর না হওয়ার’ বার্তা পান বলে দাবি করেন তিনি।

 

রাষ্ট্রদূত জানান, এ ধরনের আন্তর্জাতিক পদে প্রার্থীর পক্ষে সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র সহযোগিতায় আগ্রহী ছিল বলেও তিনি উল্লেখ করেন। তবে নিজের দেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন বলে জানান তিনি। আবেদন পাঠানোর পর পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ‘not to proceed’ বার্তা পান এবং এরপর থেকে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন। তার দাবি, প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করলেও তিনি সরাসরি হস্তক্ষেপ কামনা করেননি। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি। সেখানে তাকে বলা হয়েছিল, নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম থাকায় সরকার সমর্থন দেয়নি—যদিও এ পদে কোনো ভোটাভুটি হয় না বলে তিনি দাবি করেন।

 

পোস্টের শেষাংশে মুশফিকুল ফজল আনসারী ইঙ্গিত দেন, ভবিষ্যতে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত প্রকাশ করবেন। তিনি জানান, পুরো বিষয় নিয়ে একটি বই লিখছেন এবং সময় হলে আরও তথ্য সামনে আনবেন।

অভিযোগগুলোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।