দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে
আধুনিক ও বাজারমুখী করার
ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ
ন ম এহছানুল হক
মিলন।
বুধবার
(৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা
বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
মন্ত্রী বলেন, দেশের প্রায় ১৮ কোটি জনগণকে
দক্ষ জনশক্তিতে রূপান্তর করা একটি বড় চ্যালেঞ্জ হলেও
এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা। সঠিক
প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের
মাধ্যমে এ জনশক্তিকে অর্থনৈতিক
ও সামাজিক অগ্রগতির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব।
এ লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) জোরদার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর
সংযোগ স্থাপন এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের
ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে কারিগরি, ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষায়
অতিরিক্ত তাত্ত্বিক পাঠের পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণ
বাড়ানোর নির্দেশনা দেন।
ড. মিলন জানান,
কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কর্মসম্পাদন সূচক
(কেপিআই) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কাজ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানে উন্নয়নমূলক উদ্যোগ চিহ্নিত করে সৃজনশীলতা ও স্বতঃপ্রণোদিতভাবে তা বাস্তবায়নের
আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক শ্রমবাজারের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ আরও বাড়ানো হবে। উন্নত বিশ্বে জনসংখ্যা হ্রাস বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর
ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে কারিগরি শিক্ষা খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে
কাজ করার আহ্বান জানান।