ব্যাটারিচালিত রিকশা নিয়ে নীতিমালা করবে সরকার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬ , ১০:৫১ পিএম

অনলাইন সংস্করণ

 ব্যাটারিচালিত রিকশার ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিয়ে এসব যানবাহন নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মঙ্গলবার রাজধানীর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 ড.জাহেদ উর রহমান বলেন,ব্যাটারিচালিত রিকশার কিছু সুবিধা রয়েছে। এসব যানবাহন অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং নগরবাসীর যাতায়াতেও ভূমিকা রাখছে। তবে কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়া এগুলো চলতে দেওয়া যায় না।

তিনি জানান, ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকার একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে লাইসেন্সের নিয়ম, চলাচলের নির্দিষ্ট এলাকা, সর্বোচ্চ গতি, যান্ত্রিক মান ও নিরাপত্তাব্যবস্থা নির্ধারণ করা হবে। এরপর এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 নগর পরিবহনে ব্যাটারিচালিত রিকশার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি গাড়ি ছাড়া বের হয়ে রিকশা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। রাস্তায় অনেক মানুষকে গণপরিবহনের অভাবে হাঁটতে দেখা গেছে। এ কারণে শহরের পরিবহন ব্যবস্থায় এসব যানবাহনের একটি কার্যকর ভূমিকা রয়েছে। তবে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা জানান তথ্য উপদেষ্টা।

 তাঁর মতে, প্যাডেলচালিত রিকশার তুলনায় ব্যাটারিচালিত রিকশার গতি বেশি হলেও অনেক ক্ষেত্রে সেই অনুযায়ী যান্ত্রিক মান ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয় না। এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের অবস্থান নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান নেওয়ার অধিকার রয়েছে।

 তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কোনো বিষয়ে অবস্থান না নিলে সরকারের ভুল বা অন্যায় করার ঝুঁকি বেড়ে যেতে পারে। এনসিপি যদি রিকশাচালকদের দাবির পক্ষে অবস্থান নিয়ে থাকে, সেটিও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবেকোনো রাজনৈতিক দল ভুল অবস্থান নিলে জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে এবং সেই অবস্থানের রাজনৈতিক মূল্য সংশ্লিষ্ট দলকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।