বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ০১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তদন্তে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ মিললে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বুধবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, মার্কিন বাণিজ্য আইনের সেকশন ৩০১ ধারার অধীনে এই তদন্ত শুরু হয়েছে। এর আওতায় চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া মেক্সিকোর মতো বড় অর্থনীতির দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, তদন্ত শেষ হলে গ্রীষ্মের মধ্যেই সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর নতুন শুল্কারোপ করা হতে পারে।


এই পদক্ষেপের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের একটি সাম্প্রতিক রায়। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করে দেয়। এরপরই নতুন তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

গ্রিয়ার জানান, গত ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প প্রশাসন যে অস্থায়ী শুল্কারোপ করেছিল, তার মেয়াদ জুলাইয়ে শেষ হওয়ার কথা। সেই সময়ের আগেই তদন্ত প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে।


তদন্তের আওতায় বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড নরওয়ের মতো দেশগুলোকেও রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে বাংলাদেশসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, যেখানে নির্ধারিত শুল্কের হার কিছুটা কমানোসহ বিভিন্ন বাণিজ্যিক শর্ত যুক্ত করা হয়।


তবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর এসব বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কনীতি পরিবর্তন হলেও বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বাতিল করা হচ্ছে না। ফলে চুক্তির আওতায় যেসব শর্ত সমঝোতা রয়েছে, সেগুলো বহাল থাকবে বলেই আশা করছে ট্রাম্প প্রশাসন।


দেশজুড়ে/সবুজ