দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
গুলশানে জুলাই আন্দোলন চলাকালে আবুজর শেখ (২৪) হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে
চার্জশিট দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গত
১৮ ফেব্রুয়ারি এটিইউ’র উপপরিদর্শক (এসআই)
ইসরাইল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট জমা দেন। তবে এখনো চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হয়নি।
আজ (শুক্রবার) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতার দল গঠন করে
একই উদ্দেশ্য বাস্তবায়নে বল ও উগ্রতা
প্রয়োগ করেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে প্ররোচনা দিয়ে হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন। এতে দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০২/১১৪/১০/৩৪ ধারায়
তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ
আরাফাত, সাবেক এমপি মির্জা আজম এবং হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায়
গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলছিল। এ সময় স্থানীয়
আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা
মিছিলে গুলি চালান বলে অভিযোগ করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় আবুজর শেখকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ২৭ জুলাই তিনি
মারা যান।
ঘটনার পর ২০২৪ সালের
১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন
গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ মোট ২৭ জনকে আসামি
করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ২৫
জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
মামলায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা
দেশজুড়ে/সবুজ