দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রামের
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ ও সন্ত্রাস দমনে
বড় ধরনের যৌথ অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর
থেকে সেনাবাহিনী, র্যাব পুলিশ ও বিজিবির সদস্যরা
একযোগে এই অভিযান পরিচালনা
করছেন।
ভোরের
আলো ফুটতেই অভিযান শুরু হয়। শুরুতে ড্রোন ব্যবহার করে বিভিন্ন সন্দেহভাজন স্থান চিহ্নিত করা হয়। এরপর ধাপে ধাপে পাহাড়ি এলাকায় প্রবেশ করে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান, ডগ স্কোয়াডসহ ভারী
অস্ত্রসজ্জিত একাধিক যানবাহন মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও।
র্যাব–৭ এর অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতেই
এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব–৭, র্যাব–১১,
র্যাব–১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবির সদস্যরা
অংশ নিয়েছেন।
জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে রুকন ও ইয়াসিন বাহিনীর
প্রভাব বিস্তার রয়েছে। মূলত পাহাড় কেটে প্লট বিক্রি এবং চাঁদাবাজি কেন্দ্র করে এসব বাহিনীর আধিপত্য তৈরি হয়েছে। এ নিয়ে প্রায়ই
সংঘর্ষের ঘটনাও ঘটে।
গত ১৯ জানুয়ারি
ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। সে সময় র্যাব সদস্যদের ঘিরে হামলা চালায় তার অনুসারীরা। চারজনকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়, যার মধ্যে একজন র্যাব কর্মকর্তা প্রাণ হারান।
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় কেটে সেখানে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে প্লট বিক্রির অভিযোগ রয়েছে।
বর্তমানে
এলাকায় প্রায় ২০ থেকে ২৫
হাজার বাড়িতে দেড় লাখের মতো মানুষের বসবাস করছে। তাদের অনেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে সেখানে বসতি গড়েছেন। যৌথবাহিনীর এই অভিযানের মাধ্যমে
এলাকাটিতে সন্ত্রাস ও অবৈধ কার্যক্রম
দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।