দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ , ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে দিপালী খাতুন নামে এক বাংলাদেশি নারী
রয়েছেন। এ ঘটনাকে তিনি
অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী
জানান, নিহত দিপালীর পরিবার—বিশেষ করে তার বোনের সঙ্গে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। তিনি বলেন, “লেবাননে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে ফ্লাইট চলাচল স্বাভাবিক নয়। তারপরও তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমাদের মন্ত্রণালয় ও লেবাননে অবস্থিত
মিশন কাজ করছে।”
তিনি
আরও বলেন, দিপালী খাতুন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা ছিলেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
মধ্যপ্রাচ্যের
সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি অনেকের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি
জানান, যারা নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চার্টার্ড ফ্লাইটে কিছু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং আগ্রহীদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী
আরও জানান, চলমান সংঘাতে বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ অন্তত ৮ জন বাংলাদেশির
মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দেশজুড়ে/সবুজ