ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ০৩:১৪ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে, তবে এতে কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইএইএ জানায়, ইরান কর্তৃপক্ষ তাদের অবহিত করেছে যে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চত্বরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে কেন্দ্রটির অবকাঠামো অক্ষত রয়েছে এবং কোনো কর্মী আহত হননি।

 

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার তৃতীয় সপ্তাহে এই হামলার ঘটনা ঘটলো, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

 

পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এর আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থাও হামলার বিষয়টি নিশ্চিত করে।

 

দেশটির তাসনিম সংবাদ সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বন্দরনগরী বুশেহরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

 

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম হামলার নিন্দা জানিয়ে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে।

 

উল্লেখ্য, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ ১৯৭০-এর দশকে একটি জার্মান প্রতিষ্ঠান শুরু করলেও পরে রাশিয়ার সহায়তায় তা সম্পন্ন হয়।

 

সূত্র: আল-অ্যারাবিয়া