কাপাসিয়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ , ১০:০০ এএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুল হক-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলা প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে স্থানীয় সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবাগত ইউএনওকে স্বাগত জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও মো. হাফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক


এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল ফকির, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাংবাদিক আব্দুল কাইয়ুম, আবু সাঈদ, তপন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়া এনটিভির প্রতিনিধি একলাছ উদ্দিন, মাই টিভির প্রতিনিধি সজীব, দৈনিক সমাচারের প্রতিনিধি হাবিবুর রহমান এবং সাংবাদিক ইব্রাহিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


বক্তব্যে ইউএনও মো. হাফিজুল হক বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সাংবাদিকতা সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।


সভায় বক্তব্য দেন এফ এম কামাল ফকির, সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, বেলায়েত হোসেন শামীম, শফিকুল আলম সবুজ, আব্দুল কাইয়ুম, আবু সাঈদ ও জাহাঙ্গীর আলম। তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্যের আদান-প্রদান এবং সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


মতবিনিময় পর্বে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনসেবাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। ভবিষ্যতেও প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভাটি পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং জনকল্যাণে যৌথভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।


দেশজুড়ে/সবুজ