ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ০৫:২৭ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালামকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ ওঠে।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে বলেন, আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন বলে তিনি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সংস্থাটিতে যোগ দেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। সংস্থার তথ্য অনুযায়ী, চাকরিজীবনে বেতনভাতা বাবদ তিনি আনুমানিক আড়াই কোটি টাকা পেয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে কানাডারবেগমপাড়াএলাকায় তাঁর স্ত্রীর নামে একটি বাড়ির তথ্য সামনে আসে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।