দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬ , ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ
বেনাপোল
স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুই দেশের মানুষের
যোগাযোগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে
নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার Dinesh Trivedi। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের
মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা
ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।
শুক্রবার
দুপুরে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময়
তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। বেনাপোলে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি
সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।
সাংবাদিকদের
সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সম্পর্ককে
আরও গভীর করা তার প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা,
সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। ভিসা-সংক্রান্ত
বিষয়গুলোও আলোচনার মাধ্যমে আরও সহজ ও কার্যকর করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি
আরও বলেন, দুই দেশের মধ্যে শুধু সীমান্ত নয়, রয়েছে বহু বছরের সামাজিক, সাংস্কৃতিক ও
মানবিক সম্পর্ক। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে জনগণের কল্যাণ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির
ওপর গুরুত্ব দেওয়া হবে।
নবনিযুক্ত
হাইকমিশনারকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ড এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট
কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার Pawan Kumar Tulsi
Das, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বন্দর, প্রশাসন, ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা
বাহিনীর প্রতিনিধিরা।
উল্লেখ্য,
চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজনৈতিক নেতা Dinesh
Trivedi-কে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের কূটনৈতিক
সম্পর্কের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা, কারণ প্রথমবারের মতো একজন সক্রিয় রাজনৈতিক
ব্যক্তিত্বকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশজুড়ে/সবুজ