দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬ , ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশে
নতুন ধরনের সাইবার প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। লোভনীয় অফার দেখিয়ে ভুয়া মোবাইল অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করে সাধারণ মানুষের ফোনের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারক চক্র। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
গোয়েন্দা
পুলিশের সাইবার ইউনিট জানিয়েছে, গত এক মাসেই
এ ধরনের অন্তত ৩০টি অভিযোগ জমা পড়েছে। প্রতারকরা সাধারণত এসএমএস বা অনলাইন বিজ্ঞাপনের
মাধ্যমে ব্যবহারকারীদের ফাঁদে ফেলে এবং একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে প্রলুব্ধ করে।
অভিযোগ অনুযায়ী, অ্যাপটি ইন্সটল করার সঙ্গে সঙ্গেই ফোনের স্ক্রিন হঠাৎ ব্ল্যাক হয়ে যায়। ব্যবহারকারী তখন ডিভাইসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই সুযোগে হ্যাকাররা ফোনে থাকা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দ্রুত অর্থ স্থানান্তর করে নেয়।
ভুক্তভোগী
পিংকি জানান, অনলাইনে বিজ্ঞাপন দেখে ‘এনবি’ নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন তিনি। ইন্সটল করার পরপরই তার ফোন হ্যাং হয়ে যায় এবং পরে পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ টাকা তুলে নেওয়ার মেসেজ পান তিনি।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সৌম্য কান্তি দাশ। তিনি বলেন, ব্যাংকিং অ্যাপে ঢুকে বিষয়টি যাচাই করতে গিয়ে ৩০ সেকেন্ডের মধ্যেই তার ফোনে ‘সিস্টেম আপডেটিং’ বার্তা দেখিয়ে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এরপর তিনি একটি ওটিপি এবং ৩ লাখ টাকা ট্রান্সফারের নোটিফিকেশন পান।
ডিএমপির সাইবার ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানান, হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর মতো করেই লেনদেন সম্পন্ন করছে। তদন্তে দেখা যাচ্ছে, হাতিয়ে নেওয়া অর্থ বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে একাধিক অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে, যেগুলোর অনেকগুলোই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে। কিছু ক্ষেত্রে বিদেশ থেকেও এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সাইবার
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণা
এড়াতে শুধুমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম যেমন গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ
স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত। অপরিচিত লিংক বা লোভনীয় অফারে
যাচাই ছাড়া ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া,
ভুলবশত কোনো সন্দেহজনক অ্যাপ ইন্সটল করলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।