নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বাড়ছে, হাসপাতালে ভর্তি বাড়ছে শিশু রোগী

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬ , ১২:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

নোয়াখালী জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় বহু শিশু হামে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

জেলা শহরের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ বর্তমানে ২১ জন শিশু ভর্তি রয়েছে। প্রতিদিনই নতুন রোগী যুক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি হলেও বিভিন্ন বয়সী রোগীও শনাক্ত হচ্ছেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন হামের সংক্রমণ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, হামের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতাও দেখা দিচ্ছে, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলাবিশেষ করে গ্রামাঞ্চলেহামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক আক্রান্ত শিশুই আগে টিকা না নেওয়ায় সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে, আক্রান্ত রোগীদের আলাদা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদারের জন্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে ভর্তি রোগীদের আইসোলেশনে রেখে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব।


দেশজুড়ে/সবুজ