দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬ , ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সনমানিয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা দলের বিরুদ্ধে কথিত মিথ্যা অপপ্রচার ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় চর সনমানিয়া স্কুল মাঠে সনমানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের দল ও নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা দাবি করেন, একটি রাজনৈতিক পক্ষ জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে নরসিংদীর মনোহরদী উপজেলা থেকে চুরি হওয়া একটি অটোরিকশা ও এর চালককে কাপাসিয়া উপজেলার চর সনমানিয়া এলাকায় স্থানীয় জনতা আটক করে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ সময় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের কিছু কর্মীর বিরুদ্ধে চোরের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা দাবি করেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই এসব অভিযোগ প্রচার করা হচ্ছে এবং এর মাধ্যমে সংগঠনের সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।
নেতারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানান এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোকদ্দাসির হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল রহিম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রতন মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে বক্তারা সত্য ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
দেশজুড়ে/সবুজ