ঈদের আগে আকাশে বর্ষার আভাস, কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ০২:২০ পিএম

অনলাইন সংস্করণ

ক্যালেন্ডার অনুযায়ী দেশে এখন বসন্তকাল হলেও ঢাকার আকাশে যেন দেখা মিলছে বর্ষার আমেজ। কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ বারবার ধূসর মেঘে ঢেকে যাচ্ছে। এর ফলে ঈদ সামনে রেখে যাদের দূরপাল্লার ভ্রমণ বা বাড়ি ফেরার পরিকল্পনা রয়েছে, তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ এবং আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এই অস্থির পরিস্থিতি কিছুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঘনিয়ে আসায় ঘরে ঘরে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত অনেকেই। আবার চাকরি, পড়াশোনা বা ব্যবসার কারণে যারা পরিবার থেকে দূরে থাকেন, তারা ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন।


এবার ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত সহজ করতে সরকার শবে কদর (১৭ মার্চ) এবং ঈদুল ফিতর উপলক্ষে (১৮ মার্চ থেকে ২৩ মার্চ) মিলিয়ে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। ফলে অনেকেই নির্ধারিত সময়ের আগেই ঈদের ছুটি কাটাতে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন।

তবে এই সময় ঝড়বৃষ্টি হলে ঈদের কেনাকাটা যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আবহাওয়ার এমন পরিস্থিতি ঈদযাত্রায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

 দেশজুড়ে/সবুজ