ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট, চরম ভোগান্তি

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকে একই স্থানে আটকে রয়েছে অসংখ্য গাড়ি, ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালকেরা।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর থেকে যানজট শুরু হয় বলে জানা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ধীরগতিতে চলাচলের কারণে অনেক গাড়ি দীর্ঘ সময় একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় আটকে পড়া পেয়ার আলী নামের এক যাত্রী জানান, গাড়িতে ওঠার পর প্রায় ৫০ মিনিট ধরে একই জায়গায় অবস্থান করছেন তিনি। স্বাভাবিক সময়ে দেড় ঘণ্টার পথ হলেও যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

 

আঞ্চলিক বাসের দুই চালক বলেন, সড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেশি। পাশাপাশি মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এর প্রভাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও পড়েছে।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জানান, অতিরিক্ত যানবাহনের চাপই মূলত যানজটের কারণ। মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ে অংশে সংস্কারকাজ চলায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, যার ফলে মহাসড়কেও প্রভাব পড়েছে। তবে ঘটনায় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

 


দেশজুড়ে/সবুজ