দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬ , ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশ-ইনের আশঙ্কার প্রেক্ষাপটে দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সীমান্তের বিভিন্ন বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, রাতের বেলায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি মেগাফোন, সার্চলাইট ও বাঁশির মাধ্যমে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় গ্রামবাসীদেরও সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের সহযোগিতায় নিয়মিত যৌথ টহল পরিচালিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্য সংগ্রহে নিজস্ব সূত্র সক্রিয় রাখা হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩৭ জনকে পুশ-ইনের চেষ্টার খবরকে সঠিক নয় বলে জানিয়েছে বিজিবি। বাহিনীর দাবি, ওই দিন সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গ্রামবাসীদের অংশগ্রহণে যৌথ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়েছিল। তবে কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি।
বিজিবি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10