বাসের বাক্সে গাদাগাদি—দমবন্ধ হয়ে মারা গেল ৫৫ ছাগল, জরিমানা ১০ হাজার টাকা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ , ১২:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের বাক্সে করে আনা ৫৫টি ছাগল দমবন্ধ হয়ে মারা গেছে। ঘটনায় ছাগল মালিক বাসের সুপারভাইজারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা গেছে, লালমনিরহাট থেকে শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাসের নিচের লাগেজ বক্সে গাদাগাদি করে ৪৭টি ছাগল পাঠান লক্ষ্মীপুরের ব্যবসায়ী মোহাম্মদ ফারুক। একই বাসে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর আরও ৮টি ছাগল ছিল। দীর্ঘ পথ অতিক্রমের সময় তীব্র গরম বাতাসের অভাবে সবগুলো ছাগলই দমবন্ধ হয়ে মারা যায়।

 

ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ফারুক বিষয়টি পুলিশকে জানান। পরে উভয় পক্ষকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে ছাগল মালিক বাসের সুপারভাইজারকে হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

ছাগল ব্যবসায়ী ফারুক জানান, তারা প্রায় দুই বছর ধরে এভাবে বাসের বাক্সে করে ছাগল পরিবহন করে আসছেন এবং প্রতিটি ছাগলের জন্য ৩০০ টাকা ভাড়া দেওয়া হয়। তবে এবার অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান।

 

অন্যদিকে বাসের সুপারভাইজার আবুল হাসেম বলেন, পথে ছাগলগুলো ঠিকই ছিল, তবে গন্তব্যে পৌঁছে নামানোর সময় সবগুলোকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

লক্ষ্মীপুর প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন সোহেল রানা জানান, পর্যাপ্ত বাতাস না থাকায় গরমে দমবন্ধ হয়ে ছাগলগুলোর মৃত্যু হয়েছে, যা স্পষ্টতই নিষ্ঠুরতার শামিল। মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্টদের।