ঠাকুরগাঁওয়ে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ, যুবক আটক

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ , ০৮:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে বিধান রায় (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিধান রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেএমন একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


দেশজুড়ে/সবুজ