সাদা মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৬ , ১২:০৭ এএম

অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা- সম্প্রতি আনা বিরল প্রজাতির সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ঈদের পরদিন বিকেল থেকেই চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি দেখা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় দিন থেকে সাদা মহিষটিকে ঘিরে মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

 

বর্তমানে চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর তুলনায় এই সাদা মহিষের খাঁচার সামনেই সবচেয়ে বেশি দর্শনার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে প্রাণীটির পরিচিতিমূলক একটি ট্যাগও সংযুক্ত করা হয়েছে।

 

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বিরল এই মহিষটি চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে প্রাণীটিকে নিয়ে কৌতূহল তৈরি হয়।

 

প্রাণীটির ব্যতিক্রমী গঠন সাদা বর্ণের কারণে এটি দ্রুতই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ খাঁচার সামনে ভিড় করে প্রাণীটিকে দেখছেন এবং ছবি তুলছেন।

 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত এই অ্যালবিনো মহিষ বর্তমানে জাতীয় চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ। ফলে প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং ঈদের ছুটিতে চিড়িয়াখানায় ফিরেছে প্রাণচাঞ্চল্য।