কাপাসিয়ায় আইনশৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ , ০৫:১০ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী।

সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ফরহাত মোল্লা, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জোবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, বিআরডিবি কর্মকর্তা দিলারা জামান ফকির, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মাহবুব আলম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা হচ্ছে মাদক। মাদকের ভয়াবহ বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সমাজে অপরাধের মাত্রাও অনেকাংশে কমে আসবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি করার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, মাদক ব্যবসায়ী মাদকসেবী উভয়েই সমাজের জন্য ক্ষতিকর। মাদকের কারণে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাপাসিয়া থানা পুলিশ নিয়মিত মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনছে। অপরাধের ধরন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শাস্তির পরও অনেক অপরাধী জামিনে বা সাজা ভোগ শেষে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শান্তিপূর্ণ সমাজ গঠনে সাধারণ মানুষকে এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণের মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে মাদক, কিশোর অপরাধ সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


দেশজুড়ে/সবুজ