ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র ব্যবসায়ী হেলাল ৩ দিনের রিমান্ডে

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ০৭:১০ পিএম

অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের এক অস্ত্র ব্যবসায়ীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয় এবং পরে তাকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলেও আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত আসামির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ওই অস্ত্র থেকেই ঘটনাস্থলে ব্যবহৃত গুলি ছোড়া হয়েছিল। উন্নত পরীক্ষার মাধ্যমে অস্ত্রটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা সম্ভব হয়েছে।

 

তদন্তে উঠে এসেছে, অস্ত্রটি প্রথমে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকার একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানে যায়। পরে তা চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়, যার মালিকই বর্তমানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি। তবে তার লাইসেন্স দীর্ঘদিন নবায়ন করা হয়নি বলেও জানা গেছে।

 

তদন্তকারীরা ধারণা করছেন, ওই অস্ত্রটি কীভাবে পরবর্তীতে অপরাধীদের হাতে পৌঁছেছে, তা উদ্ঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

 

এই ঘটনায় আগেই একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও তা নিয়ে আপত্তি ওঠায় আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেয়। বর্তমানে সিআইডি মামলাটির অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।


দেশজুড়ে/সবুজ