নেত্রকোনার পূর্বধলায় তাণ্ডব শিলাবৃষ্টি—ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:০৪ পিএম

অনলাইন সংস্করণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া প্রায় ২৫ মিনিটের প্রবল শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর, আগিয়া, হোগলা, ঘাগড়া, বিশকাকুনী, ধলামূলগাঁও ও নারান্দিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় শিলার আঘাতে টিনের ঘরের চালা ফুটো হয়ে গেছে। কোথাও কোথাও বড় গাছ উপড়ে বা ভেঙে ঘরের ওপর পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোববার সকাল পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

 

ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার বলেন, হঠাৎ করেই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। টিনের চালের ওপর শিলা পড়ার শব্দে মনে হচ্ছিল যেন পাথর ছুঁড়ে মারা হচ্ছে। ঝড়ের চাপ এত বেশি ছিল যে দরজা-জানালা বন্ধ করে রাখা কঠিন হয়ে পড়েছিল।

 

একই এলাকার কৃষক মো. আইনউদ্দিন খাঁ জানান, শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। যদিও ধানের শীষ পুরোপুরি বের না হওয়ায় বড় ধরনের ক্ষতি কিছুটা এড়ানো গেছে। তবে অনেক গাছ ভেঙে পড়ায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং অনেক পরিবার বিপাকে পড়েছে।

 

আগিয়া ইউনিয়নের বাসিন্দা মোশাররফ তালুকদার বলেন, এমন তীব্র শিলাবৃষ্টি আগে খুব কমই দেখা গেছে। টিনের চালের ওপর শিলার বিকট শব্দে এর ভয়াবহতা বোঝা যাচ্ছিল।

 

পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক ভূঁইয়া জানান, এলাকায় নজিরবিহীন শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধান ও শাকসবজির উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

এদিকে ঝড়ের কারণে জারিয়া লোকাল ট্রেনের চলাচলও সাময়িকভাবে ব্যাহত হয়। উপজেলার জারিয়া ইউনিয়নের বারধার এলাকায় রেললাইনের ওপর একটি গাছ ভেঙে পড়লে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছ সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আকরম হোসেন জানান, ঝড়ে কিছু বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত থেকেই মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এখনও একটি ফিডারে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে।


দেশজুড়ে/সবুজ