নাটোরে ৭ বছরের শিশুকে আসামি করে মামলা, এলাকায় চাঞ্চল্য

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ , ১০:১৭ পিএম

অনলাইন সংস্করণ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় দায়ের করা একটি সংঘর্ষ মামলায় সাত বছর বয়সী এক শিশুর নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তির সঙ্গেশাজাহান আলীর পুত্র মো. হুসেনকেও মামলার আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে জন্ম সনদ অনুযায়ী, মো. হুসেনের জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর, অর্থাৎ বর্তমানে তার বয়স মাত্র সাত বছর। এত অল্প বয়সী একটি শিশুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, একটি শিশু কীভাবে এমন ঘটনায় জড়িত থাকতে পারে এবং কীভাবে তার নাম মামলায় অন্তর্ভুক্ত হলো। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতনমহল।

দেশজুড়ে/সবুজ