কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের মর্মান্তিক বিমান দুর্ঘটনা—যুক্তরাষ্ট্র-এর অনুদান পাওয়া সি-১৩০ হারকিউলিস ঘিরে কেন উঠছে প্রশ্ন?

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১১:৫৭ এএম

অনলাইন সংস্করণ

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮০ জন নিহত এবং বহু সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে পুয়ের্তো লেগুইজামোর নিকটবর্তী ‘লা তাগুয়া বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

কলম্বিয়ান বিমানবাহিনীর সি-১৩০এইচ হারকিউলিস মডেলের বিমানটিতে ১১০ জনের বেশি সৈন্যসহ মোট ১২১ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। উড্ডয়নের প্রাথমিক পর্যায়েই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়।

 

বেসরকারি সূত্রগুলো জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে প্রায় ৮০ জনের মরদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী। আহত অবস্থায় উদ্ধার হওয়া প্রায় ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, আছড়ে পড়ার পর বিমানটির ধ্বংসাবশেষ থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

 

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আরনুলফো সানচেজ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘মর্মান্তিক উল্লেখ করে জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে। তিনি গুজব এড়িয়ে সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান।

 

জানা গেছে, এফএসি-১০১৬ নিবন্ধিত এই বিমানটি যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রাপ্ত সামরিক সরঞ্জামের অংশ ছিল। ২০২০ সালে অনুদান হিসেবে পাওয়া হারকিউলিস বহরের এটি একটি, যা মূলত দুর্গম অঞ্চলে সৈন্য ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো।

 

বিশেষজ্ঞরা ধারণা করছেন, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত ওজন বা প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার কারণ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী শহরে পাঠাতে সহায়তা করেন।

 

এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সামরিক বিমান বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


দেশজুড়ে/সবুজ