কবিরহাটে ছয়তলা ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, তদন্তে পুলিশ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন ২০২৬ , ১২:০২ এএম

অনলাইন সংস্করণ

নোয়াখালীর কবিরহাট বাজার এলাকায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে রতন দেবনাথ (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( জুন) দুপুর সোয়া ১টার দিকে কবিরহাট পৌরসভার হাসপাতাল রোড এলাকায় ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রতন দেবনাথ উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং মনোরঞ্জন দেবনাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কবিরহাট বাজার এলাকায় পান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

 

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, রতন দেবনাথ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী মনিকা রানী দেবনাথ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। হাসপাতালের পাশেই পরিবারের সহায়তায় তিনি পান দোকান পরিচালনা করতেন।

 

দুপুরে হাসপাতালের উত্তর পাশে রতন দেবনাথকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। পরে তাকে দ্রুত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরিবার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি হাসপাতাল সংলগ্ন ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনার পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর ১২টা ৫৯ মিনিটে রতন দেবনাথ ভবনে প্রবেশ করেন। এরপর প্রায় ১০ মিনিট পর তাকে ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।