দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের
জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে
শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা
ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময়
সভায় সাংবাদিকরা কাপাসিয়ার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে
বিস্তারিত আলোচনা করেন এবং উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে কার্যকর
উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
নবনির্বাচিত
সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী বলেন, সাংবাদিকদের উচিত দল-মতের ঊর্ধ্বে
উঠে সত্য, ন্যায় ও নির্ভীকতার সঙ্গে
পেশাগত দায়িত্ব পালন করা। তিনি কাপাসিয়ার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং পেশার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
কাপাসিয়া
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল
হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম, সাংগঠনিক
সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূরুল আমিন সিকদার, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক
শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।