জাল সনদে আর্থিক সুবিধা: লামায় প্রধান শিক্ষকের বেতন বৃদ্ধি স্থগিত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ , ০৩:৪২ পিএম

অনলাইন সংস্করণ

লামা উপজেলা-এ জাল সনদ ব্যবহার করে দীর্ঘদিন আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা প্রশাসন।

 চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি জাল সিএড সনদ ব্যবহার করে আর্থিক সুবিধা গ্রহণ করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তার দুইটি বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

 

এর আগে ২০২৫ সালের ১৪ মার্চ দৈনিক যুগান্তর-এ প্রকাশিত এক প্রতিবেদনে লামা উপজেলায় একাধিক শিক্ষক জাল সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার তথ্য উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং শুরু হয় যাচাই-বাছাই কার্যক্রম।

 

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে লিখিত জবাব চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে, যেখানে তার কর্মকাণ্ডকে অসদাচরণ ও দুর্নীতি হিসেবে উল্লেখ করা হয়।

 

প্রশাসনের নির্দেশনায় স্থগিতকৃত বেতন ভবিষ্যতে বকেয়া হিসেবেও প্রাপ্য হবে না। পাশাপাশি জাল সনদের মাধ্যমে নেওয়া অতিরিক্ত আর্থিক সুবিধা বাতিল করে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


দেশজুড়ে/সবুজ