দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিণত হয়েছে দর্শনার্থীদের মিলনমেলায়। প্রায় ৪০০ বছরের পুরোনো এই মোগল স্থাপনায় ইতিহাসের আকর্ষণ আর উৎসবের আমেজ একসঙ্গে মিশে তৈরি করেছে প্রাণবন্ত পরিবেশ ।
সোমবার দুপুর থেকে পুরান ঢাকার এই কেল্লায় বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসেন অনেকেই। বিকেলের দিকে সেই ভিড় আরও বেড়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের সড়কেও—দেখা দেয় তীব্র যানজট।
কেল্লার
ভেতরে প্রবেশ করেই অনেক দর্শনার্থী ভিড় করেন পরী বিবির মাজার-এ। মার্বেল পাথরের কারুকাজ
ও শান্ত পরিবেশ অনেককে মুগ্ধ করে। কেউ ছবি তুলছেন, কেউ ইতিহাসের সৌন্দর্যে ডুবে যাচ্ছেন।
এরপর
দর্শনার্থীদের আরেকটি আকর্ষণ ছিল লালবাগ মসজিদ। তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদের সামনে
ছবি তুলতে দেখা যায় অনেকে। পাশাপাশি দেওয়ান-ই-আম বা দরবার হলেও ভিড় লক্ষ্য করা যায়,
যেখানে সংরক্ষিত পুরোনো নিদর্শন দর্শনার্থীদের আকর্ষণ করে।
কেল্লার
বাগান ও খোলা প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার নিয়ে অনেকে বসে সময় কাটাচ্ছেন,
কেউ হাঁটছেন, আবার কেউ ব্যস্ত স্মৃতি ধরে রাখতে।
গাজীপুর
থেকে আসা এক দর্শনার্থী জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন ঐতিহাসিক স্থানে আসা ভিন্নরকম
আনন্দ দেয়। অন্য এক দর্শনার্থীর মতে, কেল্লার স্থাপত্য এখনো মুগ্ধ করার মতোই সুন্দর।
তবে
অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা বিশৃঙ্খলাও দেখা গেছে। কেউ কেউ নিয়ম না মেনে বাগানের গাছে
হাত দিচ্ছিলেন, তখন নিরাপত্তাকর্মীদের সতর্ক হতে হয়।
এদিকে
প্রবেশের সময়সূচি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শনার্থী। দুপুরের আগে কেল্লার সামনে
এসে অপেক্ষা করলেও তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। ঈদের সময় আরও দীর্ঘ সময় দর্শনার্থীদের
জন্য কেল্লা খোলা রাখার দাবি জানান তারা।
সব
মিলিয়ে, ইতিহাস, স্থাপত্য আর উৎসবের মেলবন্ধনে ঈদের ছুটিতে লালবাগ কেল্লা আবারও হয়ে
উঠেছে নগরবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্র।
দেশজুড়ে/সবুজ