ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে পড়ে থাকা কোরবানির চামড়া অপসারণ, ছড়িয়েছিল দুর্গন্ধ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৬ , ১২:১৮ এএম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়কে ফেলে রাখা কোরবানির পশুর চামড়া অবশেষে অপসারণ করেছে পৌর কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা থেকে এসব চামড়া সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে কোরবানির পশুর চামড়া। ক্রেতা সংকট এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়াগুলো ফেলে চলে যান। এতে শহরের বিভিন্ন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

 

শহরের পৌর সুপার মার্কেট এলাকা, কাচারি পুকুরপাড় শহীদ পলু সড়কের মোড়ে চামড়ার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক কোরবানিদাতা চামড়া বিক্রির আশায় অপেক্ষা করলেও কম দামের কারণে হতাশ হয়ে পড়েন।

 

স্থানীয়দের অভিযোগ, এবার বড় আকারের গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। এমন কম দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে দাবি করেন তারা।

 

ক্ষুদ্র মৌসুমি ব্যবসায়ীরাও চরম বিপাকে পড়েন। পাইকারদের কাছ থেকে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় অনেকে লোকসানের মুখে পড়েন।

 

কাউসার আহমেদ জানান, শহরের বিভিন্ন স্থানে মালিকবিহীন অবস্থায় চামড়ার স্তূপ পড়ে ছিল এবং সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

 

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত চামড়া অপসারণের নির্দেশ দেন। পরে পৌরসভার উদ্যোগে ট্রাকে করে চামড়াগুলো সরিয়ে নেওয়া শুরু হয়।

 

পৌরসভা সূত্রে জানা গেছে, অপসারণ করা চামড়াগুলো ছয়বাড়িয়া এলাকার ময়লা ডাম্পিং স্টেশনে নেওয়া হবে এবং পরে সেগুলো মাটিচাপা দেওয়া হবে। পাশাপাশি দুর্গন্ধ জীবাণু নিয়ন্ত্রণে ব্লিচিং পাউডার ছিটানো হবে।