বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের আভাস

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ , ০৯:৪৮ এএম

অনলাইন সংস্করণ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় অস্থিরতা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

শনিবার রাতে প্রকাশিত আবহাওয়া বার্তায় বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী দিনগুলোতেও থাকতে পারে।

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

১৭ থেকে ২০ মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। একই সময়ে ঢাকা, রংপুরসহ অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে বা কমতে পারে। তবে সার্বিকভাবে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

এদিকে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।


দেশজুড়ে/সবুজ