বিদ্যুৎ সক্ষমতা ৩২ হাজার মেগাওয়াট ছাড়াল, জ্বালানিতে ‘প্যানিক বায়িং’ নিয়ে সতর্কবার্তা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৭:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বেড়ে বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গ্রিডভিত্তিক উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার ( এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি তথ্য তুলে ধরেন।

 

মন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের দৈনিক বিদ্যুৎ উৎপাদন চাহিদা অনুযায়ী গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াটের মধ্যে রয়েছে। অর্থাৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রয়োজন অনুযায়ী।

 

এদিকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়ে কুমিল্লা- আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে প্রতিটি পাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার পর হঠাৎ করেই জ্বালানির চাহিদা বেড়ে গেছে।

 

তিনি ব্যাখ্যা করেন, আগে যে পরিমাণ তেল বিক্রি হতে দেড় দিন সময় লাগত, বর্তমানে তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনেরপ্যানিক বায়িংবা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা তৈরি হয়েছে।

 

মন্ত্রী আরও বলেন, পেট্রল পাম্পে তেলের সংকট রয়েছেএমন ধারণা সঠিক নয়। প্রতিদিনই নিয়মিত সরবরাহ দেওয়া হচ্ছে, তবে অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির কারণে অনেক জায়গায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে এবং লম্বা লাইনের সৃষ্টি হচ্ছে।

 

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়ে তিনি সবাইকে অপ্রয়োজনীয় আতঙ্ক এড়িয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।