দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ , ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মানববন্ধন ও কথিত মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
মঙ্গলবার (২১ এপ্রিল) কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কাশেম। তিনি উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের বাসিন্দা এবং ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের ছোট ভাই।
লিখিত বক্তব্যে আবুল কাশেম অভিযোগ করেন, একই এলাকার আঁখি আক্তার নামে এক নারী ভিত্তিহীন দাবি তুলে তাদের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ প্রচার করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
তিনি জানান, উপজেলার ধানদিয়া এলাকার সোনাপুর মৌজার আরএস ৭০, ৭১, ৭২ ও ৭৪ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি ২০২৫ সালের ১৩ নভেম্বর সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন তার ভাই বেলায়েত হোসেন ও তিনি নিজে। পরবর্তীতে নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করে জমিটি তারা ভোগদখল করে আসছেন।
তবে একই জমির ওপর আঁখি আক্তার ওয়ারিশ দাবি করে আসছেন বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল ওই নারীর উদ্যোগে বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ প্রচার করা হয়।
সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, “বিষয়টি ইতোমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে। আদালত যে রায় দেবেন, আমরা তা মেনে নেব। কিন্তু আদালতের বিষয় চলমান থাকা অবস্থায় এ ধরনের মানববন্ধন ও বিভ্রান্তিকর প্রচার অনভিপ্রেত।”
তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, সঠিক তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার জন্য।
দেশজুড়ে/সবুজ