কুমিল্লার মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ১১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

মুরাদনগর উপজেলা-এর বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক কলেজশিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রামচন্দ্রপুর বাজারের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত শিক্ষক চাষী সাইফুল ইসলাম (৩৫)। তিনি জামালপুর সদর উপজেলা-র রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত মোবারক আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং পরিবারের একমাত্র সন্তান। ২০২২ সালের ১ নভেম্বর থেকে অধ্যাপক আবদুল মজিদ কলেজ-এ ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৮ মার্চ কয়েকজন শিক্ষার্থী তাকে ডাকতে বাসায় গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুরে বাসা থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

 

কলেজটির অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, ৫ মার্চ শেষবার কলেজে ক্লাস নিয়েছিলেন সাইফুল ইসলাম। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। তিনি মাঝে মাঝে কাউকে না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন বলে ধারণা করা হয়েছিল।

 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দুটি দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে পচন ধরেছে, ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।

 

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


দেশজুড়ে/সবুজ