কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬ , ০৫:১৮ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে নুরুল ইসলাম নাহিদ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাহিদ উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়কাকীয়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ( মে) সকাল ১১টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

একপর্যায়ে তারা জানতে পারেন, নাহিদ বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়েছিল। পরে নদীর ঘাটে গিয়ে তার পরনের জামা এক জোড়া জুতা পড়ে থাকতে দেখেন স্বজনরা। বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তারা তাকে উদ্ধার করতে পারেনি।

 

পরদিন দুপুরে কাপাসিয়া সদরের বলদা দশমী ঘাট এলাকায় নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাপাসিয়া থানা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনচার্জ শাহীনুর আলম জানান, উদ্ধার হওয়া মরদেহটি পরে পরিবারের সদস্যরা নুরুল ইসলাম নাহিদের বলে শনাক্ত করেন।

 

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 দেশজুড়ে/সবুজ