ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে বিচার শুরু

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০৫:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত ৩৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।

 

আদালত আগামী ৫ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন।

 

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

অভিযোগপত্রে বলা হয়, ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম পোর্ট শাখা থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয় এবং পরে বিদেশে পাচার করা হয়।

 

তদন্তে উঠে আসে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার মালিকানাধীন আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহকে মালিক দেখিয়ে দুটি ভুয়া প্রতিষ্ঠান তৈরি করেন। এরপর জাল নথিপত্র ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়।

 

অভিযোগপত্রে আরও বলা হয়, ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এ ঋণের ক্ষেত্রে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিলেও তা উপেক্ষা করে ঋণ অনুমোদন করা হয়। পরে সেই অর্থ বিদেশে পাচার করা হয় বলে দাবি দুদকের।

 

২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

 

তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

২০২৫ সালের ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ দুদকের পক্ষ থেকে এই মামলা করা হয়। মামলার অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

 

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংকের একাধিক সাবেক পরিচালক ও কর্মকর্তা।


দেশজুড়েসবুজ