বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-সিলেট সড়কে তীব্র যানজট

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।


শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা জানান, কারখানাটির প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক জানুয়ারি মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় দুই শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করেছেন।


তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন পরিশোধ সম্ভব হয়নি। আগামী সোমবার সব বকেয়া পরিশোধ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে।

এদিকে শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও শিল্প পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত রয়েছে।


 দেশজুড়ে/সবুজ