বাঁশঝাড়ের নিচে ট্যাংকে ১০ হাজার লিটার ডিজেল মজুত, সিংড়ায় ব্যবসায়ীকে জরিমানা

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ , ১০:২৯ পিএম

অনলাইন সংস্করণ

নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে প্রায় ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রাখার অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার নিংগুইন এলাকায় অভিযান চালিয়ে সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, রুবেল হোসেন উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত করছেন—এমন তথ্যের ভিত্তিতে দুপুর দুইটার দিকে নিংগুইন এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে বিপুল পরিমাণ ডিজেল লুকিয়ে রাখা হয়েছে।

পরে রুবেল হোসেনকে ঘটনাস্থলে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে লুকিয়ে রাখা তেল ২৪ ঘণ্টার মধ্যে সিংড়া বাজারে অবস্থিত সততা ট্রেডার্সে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, জ্বালানি তেল সংরক্ষণের অনুমতি থাকলেও ওই ব্যবসায়ী নির্ধারিত নিয়ম অনুসরণ করেননি। বেআইনিভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিলেন। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।